ফেসবুকের বিরুদ্ধে ৩৫ বিলিয়ন ডলারের মামলা
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ফেসবুকের বিরুদ্ধে ৩৫ বিলিয়ন ডলারের ক্লাস–অ্যাকশন মামলা হয়েছে। ফেসিয়াল রিকগনিশন সংক্রান্ত তথ্য অপব্যবহারের অভিযোগে হওয়া মামলাটি ফেসবুকের পক্ষ থেকে বাতিল করার অনুরোধ জানানোর পর সানফ্রান্সিসকোর তিন সদস্যের বিচারক প্যানেল ওই আবেদন খারিজ করেছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ফেসবুক যদি এখন সুপ্রিম কোর্টে না যায়, তবে ৩৫ বিলিয়ন ডলারের ক্লাস-অ্যাকশন মামলাটির শুনানি শুরু হবে। ফেসবুক এ মামলায় হেরে গেলে প্রত্যেক ব্যবহারকারীকে ১ হাজার থেকে ৫ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে। ৭০ লাখ ব্যবহারকারীকে এ জরিমানা দিতে হলে তাদের পকেট থেকে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা গুনতে হবে।
অভিযোগে বলা হয়, ২০১১ সাল থেকে চেহারা শনাক্ত করতে ফেসবুক তাদের ম্যাপিং শুরু করে। কিন্তু তখন ইলিনয় রাজ্যের লোকজনের কাছ থেকে তাদের আপলোড করা ছবি স্ক্যান পদ্ধতির মাধ্যমে চেহারা শনাক্তের আগে কোনো অনুমতি নেয়নি। এমনকি তাদের ওই তথ্য কতদিন ফেসবুকের কাছে সংরক্ষিত থাকবে সে তথ্যও জানায়নি।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে বিচারক বলেছেন, ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার কোনো ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো এবং প্রকৃত পছন্দের বিষয় লঙ্ঘন করে। এটি ইলিনয়নের বায়োমেট্রিক ইনফরমেশন প্রাইভেসি অ্যাক্ট লঙ্ঘন করে।